
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন ও জানাজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় দপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, আগামীকাল বুধবার বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন এই নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে শহিদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে তাকে দাফন করা হবে। এই পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
এ বিষয়ে আজ প্রধান উপদেষ্টার বাসভবন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় সংসদ ভবন এলাকায় একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়। প্রধান উপদেষ্টার নির্দেশনায় নিরাপত্তা, যান চলাচল, জনসমাগম ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশের সর্বস্তরের মানুষ নির্বিঘ্নে এই জাতীয় নেতার জানাজায় অংশ নিতে পারেন।